Wednesday, September 02, 2015

জীবন - আঘ্রাণ


প্রিয় মুহূর্তদের থাকে নিজস্ব আঘ্রাণ
এক লহমায় মনখারাপের, মনকেমনের টান

 
মা এর গায়ে কোন অজানা ফুলের যেন গন্ধ,
নতুন ক্লাসের খয়েরি মলাট খাতা-বই এর গন্ধ,
পুরানো বই-পাড়ায় অকারণে ঘোরার গন্ধ,
ডায়েরি পাতায় ঝর্নাকলম, মনের লেখার গন্ধ

লুচি ভাজার গন্ধ,
ন্যাপথালিনে ছোট্টবেলার কোন এক জামার গন্ধ,
ছোট্ট নতুন মানুষ...
ছোট্ট হাতে-পায়ে ভালোবাসার নতুন গন্ধ

কলেজ স্ট্রিটের মামাবাড়ির শ্যাওলা সিঁড়ি বেয়ে
গরমের আর পুজোর ছুটির অবসরের গন্ধ,
লেবরেটরি যন্ত্রপাতির একটুখানি দূরে
স্যার এর ঘরে চাঁপা ফুলের মনমাতানো গন্ধ...


প্রিয় মুহূর্তদের এই যে নিজস্ব আঘ্রাণ,
আতর শিশি ভরে রাখি - এক ফোঁটাতেই প্রাণ