Monday, March 28, 2016

অচেনা বন্ধু



অচেনা বন্ধু -
কভু অপলকে দেখেছি তোমার মুখ;
তুমি সেই সখি, তুমি সেই সখা, তুমি সেই চির বঁধু,
আধেক স্বপনে আধো জাগরণে তুমিই ছিলে কি শুধু ...
শহরের পথে, অলিতে গলিতে, লোকারণ্যের মধ্যে
অবচেতনায় স্মৃতি বয়ে আসে অযাচিত সান্নিধ্যে,
গেয়েছি দুজনে দুখ-সুখ-গাথা, হেঁটেছি দীর্ঘ পথ ...
দুটি মনে-দেহে, কত অবগেহে, পুরিল না মনোরথ;
শব্দ-বিহীন, চিন্তা-নিবিড় রাত্রীর একান্তে,
তোমার সাথেই বারেবার দেখা প্রতিটি দিনের প্রান্তে,
তুমি লহমা, দীপশিখা তুমি, গভীরের অনুরণন,
প্রতীক্ষা নও, তুমিই জীবন, শ্যাম-সমান মরণ


(Adaptation of an excerpt from Walt Whitman's "Leaves of Grass")



Thursday, March 24, 2016

নিত্য বাসযাত্রীর রোজনামচা


এক
--
আজকে বাসে কিরিচ্ছিরি !
দোল এর আগের দিন একগাদা ভিড়, মায় ব্যাগ টা রাখারও খালি কোল নেই,
একে ওকে ধাক্কা দিচ্ছি ধুমসো ব্যাগ নিয়ে
কন্ডাক্টর তথা সমগ্র প্যাসেঞ্জার-কুল তিতিবিরক্ত

ইতিমধ্যে হাতে কাগজের প্যাকেটের টিফিন - বক্স থেকে সকালের কাটা তরমুজের রস গড়িয়ে, ব্যাগ ছিঁড়ে বক্স বাসের মেঝেতে গড়াগড়ি !
একটা লোকের পায়ে অনেকক্ষণ টুপটাপ জল পড়ছিল,
এতক্ষণে সে বুঝল মালটা তরমুজের রস
একজন করুনাবশে টিফিন-বক্স কুড়িয়ে দিতে দেখি চামচটা নেই
মিষ্টি করে তাকে পায়ের নিচ থেকে চামচে তুলে দিতে বললাম নির্লজ্জ ভাবে

কন্ডাক্টর এবার তুমুল রেগে গেল, "কি যে করছেন দিদি"!
আমি নিঃস্পৃহ নিশ্চুপ Lips sealed.

অবশেষে, বীতশ্রদ্ধ কন্ডাক্টর একটা লিকলিকে ঘুমন্ত লোকের কোলে ধপ করে আমার ভারী ব্যাগটা ফেলে বলল, "ধরুন তো দাদা" !
লোকটা ধড়মড় করে জেগে উঠে, ইতিউতি চেয়ে, একটু পরে আমার ব্যাগ জড়িয়ে ফের ঘুমিয়ে পড়ল



দুই
--
আজ একটা সি বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ি ফিরছি ... হঠাৎ ভিজে কাঁচে নিজের প্রতিচ্ছবি দেখে অদ্ভুত লাগল অদ্ভুত মানে ঠিক খারাপ বা ভালোর ভাব না, একটা অন্যরকম বোধ ওই কাঁচে আরও দু চারটে অবয়ব দেখলাম আমার আশপাশের ... তারপর আবার দেখলাম নিজেকে

খাসা লাগল :)

মুচকি হাসলাম নিজের মনে একটা প্রশ্রয়ের, একটু স্নেহের, সামান্য আত্মতুষ্টির হাসি নিশ্চিত মনে হল, কাঁচে দেখতে পাওয়া প্রতিটা মুখের চেয়ে আমারটায় দীপ্তি ঢের বেশী হয়ত ক্লান্ত, একটু ধূসর ; কিন্তু স্থিত...দীপ্ত ।  এই চাপা মন-ভাল-করা narcissism নিয়ে বাকি পথটা বেশ আরামে কেটে গেল