মন
কত দিনের মেয়াদ তোমার, মন?
এই যে সাথে ঘুরছ সারাক্ষণ?
উঠতে গেলে, বসতে গেলে
হালকা ভারী আঘাত পেলে
তোমার পাশে বসতে হবেই
একান্তে দুজন?
যারা আসে, সবাই তো যায়
ভালবাসা দ্রুত ফুরায়
বন্ধুতা বা বাৎসল্যের
আয়ু কতক্ষণ?
চিনছি তোমায় জীবনভরে
চিনছি তোমায় একটু করে
চেতনা এক আঁজলা ভরে
অল্প অচেতন...
ব্যাক্তিগত খাতার পাতায়
স্নানের ঘরে মনে মাথায়
তোমার সাথেই ফিসফিসানি
চলছে সর্বক্ষণ
পদ্য পঙক্তি গদ্য গানে
যাওয়া আসার অভিমানে
বোধের থেকে বোধান্তরে
তুমিই আপনজন
এই যে সাথে ঘুরছ সারাক্ষণ...
কত দিনের মেয়াদ তোমার, মন?


