Monday, January 02, 2023

কথা

মাঝনদীতে ছোটো একা দ্বীপ

          মধ‍্যরাতে নৌকা বেয়ে যাওয়া

এক আকাশ তারার নীচে দেখা

          এক জীবন নির্জনতা চাওয়া


রাত্রি, জীবন, অন‍্য যাপন তোমার

          অন‍্যত্র ভালোমন্দবাসা

মধ‍্যরাত না হলে হোক ভোর 

           যাপন না হলে, ফিরে আসা


সে কথাও না যদি দিয়ে থাকো

          কথা রাখার দায় রেখোনা মনে

এক আকাশ অন‍্য স্মৃতি রেখো

          এক জীবন বিস্মৃতি বিস্মরণে ।









Monday, November 08, 2021

মহাকর্ষ

 

জনাকীর্ণে একলা হতে ইচ্ছে করে

একলা ঘরের গভীর আঁধার প্রগাঢ়তায়

প্রতীক্ষার এক প্রেক্ষাপটে 

যেন তুই কোন রাতের পাহাড়

নিথর নিবিড় নিস্পৃহতার

মুখোমুখি, প্রহর প্রহর, রাত ঘনিমায় একলাই  তো ; 

তবু আরো একলা হতে ইচ্ছে করে। 


জনশূন‍্যে সঙ্গ পেতে ইচ্ছে করে

রাতপর্দার কলকা বেয়ে আঙুল ছুঁয়ে

এ মন-সে মন, উষ্ণ-শীতল...

শুধু তুই এক অতলান্তিক

ক্ষুধার্ত সেই কৃষ্ণবিবর

নিঃশেষে নে নিঃস্ব করে নিরাসক্ত নির্বিকারে ; 

তোর জন‍‍্য, আলো হতে ইচ্ছে করে।

Sunday, November 29, 2020

ধ্রুবতারা

মধ‍্যরাত্রে আকাশ-চাদর গাঢ়
একটা কোণা একটু তুলে দেখি

      উল্কা-তারা-গ্রহাণু দের মাঝে
      কৃত্তিকা তোর পথের আঁকিবুকি

মধ‍্যরাতে আকাশ-চাদর ভাঁজে
ইতস্তত বিস্মৃতিদের কণা

      জীবনস্তরে নাহয় খোঁজা বারণ
      আলোকবর্ষ দূরেও বুঝি মানা

মধ‍্যরাতের আকাশ-চাদর ছিঁড়ে
বিহনবেলায় পাগলপারা চাওয়া

      শূন্য দেখি শূন্য শুধু ; শূন্যতার বুকে
      পূর্ণ দেখি আকাশলীন নিবিড় ধ্রুবতারা

Friday, March 20, 2020

যে ভালোবাসেনি

যে ভালোবাসেনি
তার ছায়ার হাত ধরে হেঁটেছি দীর্ঘ ছায়াপথ ।
কখনো শব্দকৃত্তিকায়
কখনো নৈঃশব্দনিশ্বাসে
শুনেছি একমনে,
তার অন্তরঙ্গ অ-ভালোবাসার কথা ।

হেঁটেছি তবু দীর্ঘতর পাকদন্ডী পথ
অনুপায় অপেক্ষায়
মননজট যন্ত্রণায়
জীবনস্থৈর্য‍্য নিয়ে
শুনে গেছি নিষ্পলকে
অর্ধেক অবিশ্বাসে ।

যে ভালোবাসেনি
তাকে ছুঁয়ে থেকেছি তবু
যার ছায়া পড়ে শরীরজুড়ে
দোলপূর্ণিমার আলো আলো রাতে
বসন্তরঙ ধুয়ে গিয়ে যে মুহূর্ত শুধু নীলে লীন
এলিয়ে ঘুম আসার ঠিক আগে
শুনেছি আধোচেতনে,
তার যথাযথ অন‍্য-ভালোবাসার কথা ।

Saturday, February 22, 2020

ফেরা


ফিরে আসিস।
চেয়ে থাকা চেনা পথ ধরে
কাছে, বা দৃষ্টিপথে দূরে
জড়িয়ে থাকিস অঙ্গাঙ্গি
শহরে
শরীরে।
ফিরে আসিস প্লিস।
চুলে জড়ানো কৈশোরের বাতাস
হাতের তালুতে নরম ; স্মৃতি, বিস্মৃতি..
আজও থমকে থাকা গোধূলির আলো
চিরদ্বিধা - তবু শেষ নিশ্চয়
নিয়ে
ফিরে আসিস
একদিন।
যেদিন একা, একলা, একাকীত্মে স্থিতি
অথবা সব ছাই
শুধু নাভীমূল জাগ্রত তবু
একই স্রোতে হয়তো প্রবাহিত
কাছে, বা দৃষ্টিপথে দূরে
সঙ্গে থাকিস
শহরে
শরীরে
শয়ানে,
সেই শেষ সূর্যাস্তে..
নাহয় ফিরে আসিস।

Sunday, September 08, 2019

একটা গানে স্নান করেছি...

একটা গানে স্নান করেছি
একটু কথা আলগা মেখে,
বৃষ্টিজলের একলা ধারায়
মনকে খানিক সামলে রেখে ।

একটা সুরে চোখ মেলেছি
একফোঁটা তোর আদর মেখে,
বৃষ্টিজলে সুবাস খুঁজি
বন্ধ চোখে...
পাইনা তোকে ।

Sunday, September 01, 2019

রইলো...

বিচ্ছেদের মূহুর্তরা সঠিক জানো কেমন হয়?

অঝোরধারার বৃষ্টি মতন
কোন সুদূরের দৃষ্টি মতন
হঠাৎ করে স্তব্ধ হওয়া
জীবনস্রোতের শব্দ মতন ।

এক লহমায় থমকে যাওয়া
স্বপ্নগুলোর চোখের মতন ;
টলটলে জল ধরার মতন
পলকটুকু পড়ার মতন ।

অঝোরধারার বৃষ্টি মতন
ফিরে চাওয়ার দৃষ্টি মতন,
রইলো যা, তা আলতো ছুঁয়ে
ব্যাথার মাঝে ঘুমের মতন ।

বিচ্ছেদের মূহুর্তরা একটু যেন এমন হয়।